আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫২ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী দীপু গ্রেপ্তার, উদ্ধার ১১টি বিদেশি অস্ত্র


নিজস্ব প্রতিবেদক: ঢাকা | ৭ ফেব্রুয়ারি ২০২৬          রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মেহেদী হাসান ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর একটি বিশেষ দল। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উত্তর বাড্ডার একটি বাড়ির তিনতলার ফ্ল্যাট থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে ১১টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও ৩৯৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার মেহেদী হাসানই ওই বাড়ির মালিক। অভিযানে উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে—

৮টি পিস্তলের ম্যাগাজিন, ৩২টি কার্তুজ, একটি ২২ উজি মেশিনগান রাইফেল, উজি রাইফেলের দুটি ম্যাগাজিন, তিনটি চায়নিজ কুড়াল, একটি ‘টাইগার হান্টিং কমান্ডো’ চাকু, দুটি ওয়াকিটকি, একটি ওয়াকিটকি ব্যাটারি, তিনটি পিস্তলের সাইড কভার এবং একটি ল্যাপটপ।

পুলিশের একাধিক সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের হয়ে রামপুরা, বনশ্রী, বাড্ডা, ভাটারা, বারিধারা ও গুলশান এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ করতেন দীপু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে আরও অস্ত্র মজুদের তথ্য পাওয়া গেছে। উদ্ধার হওয়া অস্ত্রের একটি অংশ সুব্রত বাইন ও আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদের বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের মে মাসে কুষ্টিয়া শহরে যৌথবাহিনীর অভিযানে সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার হন। এরপর রাজধানীতে সুব্রত বাইনের অপরাধচক্র পরিচালনার দায়িত্ব নেন মেহেদী হাসান দীপু।

পুলিশের দাবি, দীপু ও তার সহযোগীরা রাজধানীর বিভিন্ন এলাকায় ভাড়াটে খুনি হিসেবে কাজ করতেন এবং অস্ত্র ভাড়াও দিতেন। তার ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে ওয়াসির মাহমুদ সাঈদ ওরফে বড় সাঈদ, গোলাম মর্তুজা বাবু ওরফে মধু বাবু এবং সোহেল ওরফে কান্নি সোহেলের নাম উঠে এসেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তার দীপুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অস্ত্রের উৎস, অপরাধচক্রের বিস্তার এবং পলাতক সহযোগীদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। তার সহযোগীদের ধরতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

author

Editor

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী দীপু গ্রেপ্তার, উদ্ধার ১১টি বিদেশি অস্ত্র

Please Login to comment in the post!
adds

you may also like