- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলায় এক দোকানিকে মারধর ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ বোরহান হাওলাদার (৫২) রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মোঃ খলিল (৩৫) ভুক্তভোগীর প্রতিবেশী এবং দীর্ঘদিন ধরে এলাকায় হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। ঘটনার দিন ৭ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটে রূপসা থানাধীন কিসমত খুলনা (খোড়া বটতলা) এলাকায় বোরহান হাওলাদারের দোকানের সামনে এসে অভিযুক্ত খলিল অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
ভুক্তভোগী প্রতিবাদ করলে অভিযুক্ত দোকানে অনাধিকারভাবে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে তার মাথার বাম পাশে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়। পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়, যার ফলে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখমের সৃষ্টি হয়।
অভিযোগে আরও বলা হয়, মারধরের এক পর্যায়ে অভিযুক্ত তার জ্যাকেটের পকেট থেকে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেন। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে স্থানীয়দের সহায়তায় আহত বোরহান হাওলাদারকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেন।
এ বিষয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করে দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।