আজকের তারিখ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ‘কবিরাজি’ প্রতারণা: অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর কাছ থেকে ২৭ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: শেরপুরে ‘কবিরাজি’ চিকিৎসার নামে প্রতারণা করে এক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর কাছ থেকে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়া একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই, জামালপুর। এ সময় তাদের কাছ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

পিবিআই সূত্রে জানা যায়, শেরপুর সরকারি গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ লুবাবা (১৩), কাপড় ব্যবসায়ী ছাইদুর রহমানের কন্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা-মায়ের ভালোবাসা পাওয়ার বিভিন্ন ভিডিও দেখে মানসিকভাবে প্রভাবিত হয়। পরবর্তীতে ‘কবিরাজ’ পরিচয়ে প্রতারক চক্রের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়।

প্রতারকরা “কবিরাজ” ও “আল্লাহর দান” নামে একাধিক ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে তাকে বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেয়। এর অংশ হিসেবে তারা কবিরাজির ফি, পশু কোরবানি, ধর্মীয় সামগ্রীসহ নানা খাতে টাকা দাবি করে।

গত ৬ মার্চ থেকে ৯ মার্চ ২০২৬ পর্যন্ত বিকাশের মাধ্যমে মোট ২ লাখ ৪৩ হাজার ১৫০ টাকা আদায় করে চক্রটি। পরে ১০ মার্চ ‘শেষ কাজ’ করার কথা বলে কৌশলে ২৭ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ টাকা হাতিয়ে নেয় তারা।

ঘটনা জানাজানি হলে গত ১৭ মার্চ ভুক্তভোগীর বাবা শেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। বিষয়টি জানতে পেরে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামালের নির্দেশনায় পিবিআই জামালপুর ইউনিট মামলার তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর থানার মাওনা এলাকা থেকে মোঃ মুছা মিয়া (২৯) ও মোঃ রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে ১৫ এপ্রিল ভোরে ময়মনসিংহের কোতোয়ালী থানার চরপাড়া এলাকা থেকে মূলহোতা মোঃ মনির হোসেনকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশের বাগানের মাটি খুঁড়ে ২৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি ইমো অ্যাকাউন্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষকে টার্গেট করে তাদের সমস্যার সমাধানের কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিত।

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

author

Editor

শেরপুরে ‘কবিরাজি’ প্রতারণা: অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর কাছ থেকে ২৭ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

Please Login to comment in the post!
adds

you may also like