- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনার ফুলতলা উপজেলায় বন্ধুদের মধ্যে কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে মো. সাব্বির নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার দামোদর স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির দামোদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা হোসেনের ছেলে। তিনি ডিস লাইনের ওয়াইফাই সংযোগের কাজ করতেন।
এ ঘটনায় আহতরা হলেন স্বাধীন (১৮) ও নিরব (১৮)। তাদের গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্ধুদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সাব্বিরকে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। এ সময় ধস্তাধস্তিতে স্বাধীন ও নিরবও আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, বন্ধুদের মধ্যে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে তিনি জানান।