- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: রূপসা নদীতে দ্রুত ও বেপরোয়া গতিতে চালিত ট্রলার পল্টুনে ধাক্কা লাগার পর পানিতে পড়ে শেখ মহিদুল হক মিঠুন (৩৭) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় ট্রলার চালক, ট্রলার মালিক ও ঘাট পরিচালনা কমিটির সভাপতি সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের বোন ফারিয়া সুলতানা। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ৭–৮ জনকে এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলা নং-১৭/ তাং-১৫/১১/২৫। ধারা ২৮০/২৮২/৩০৪ (ক) পেনাল কোর্ট
অভিযুক্তরা হলো-
১. শফিকুল ওরফে শফিক বেপারী (২৭) – ট্রলার চালক
২. মোঃ আসাদুল মল্লিক (৩০) – ট্রলারের মালিক
৩. হালিম চৌকিদার (৬০) – ঘাট পরিচালনা কমিটির সভাপতি
৪. হারেজ হাওলাদার (৬৫) – ঘাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক
৫. খোকন শেখ – ঘাট পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক
এজাহারে উল্লেখ করা হয়েছে, রূপসা–মেঘাঘাট খেয়াঘাটে দীর্ঘদিন ধরে চরম অব্যবস্থাপনা চলছে। পরিচালনা কমিটির সদস্যদের গাফিলতি, অতিরিক্ত যাত্রী বহন, দ্রুত ও বেপরোয়া গতিতে ট্রলার চালানো এবং যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার—এসব নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
নিহত মিঠুন খুলনার সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে চাকরি করতেন। ১ নভেম্বর রাত আনুমানিক ১০:৩০টার দিকে পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে যেতে তিনি আসামি মোঃ আসাদুল মল্লিক মালিকানাধীন ট্রলারে ওঠেন। এ সময় ট্রলারটি চালাচ্ছিলেন শফিকুল ওরফে শফিক বেপারী।
এজাহারে বলা হয়, পূর্ব পাড়ের পল্টুনে পৌঁছার আগমুহূর্তে ট্রলার চালক শফিকুল দ্রুত ও বেপরোয়া গতিতে ট্রলার চালানোয় ট্রলারটি পল্টুনে জোরে ধাক্কা লাগে। এতে মিঠুন নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যান। দুর্ঘটনার পর উপস্থিত আসামি বা ট্রলার কর্মীরা তাকে উদ্ধারের কোনো চেষ্টা করেননি।
দীর্ঘ খোঁজাখুঁজির পর ১২ নভেম্বর দুপুর ২:৪৫ মিনিটে রূপসা উপজেলার জাবুসা নিমবাগান ও ওরিয়ন পাওয়ারহাউস সংলগ্ন নদীর তীরে ভাসমান অবস্থায় মিঠুনের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে নৌ পুলিশ গিয়ে লাশ উদ্ধার, সুরতহাল সম্পন্ন ও ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের বোন ফারিয়া সুলতানা বলেন, “ঘাট পরিচালনা কমিটির অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা এবং ট্রলার চালকদের বেপরোয়া আচরণের কারণেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি চাই।”
রূপসা থানা পুলিশ জানিয়েছে, এজাহার গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।