- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলায় প্রবাসী সোহেল হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে রূপসা থানা পুলিশ। গ্রেফতারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে অভিযুক্ত যুবক হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ০৬ নভেম্বর ২০২৫ তারিখে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকায় প্রবাসী সোহেলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। দিনদুপুরে সংঘটিত এই হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনার পর নিহতের মা নুরজাহান বেগম বাদী হয়ে রূপসা থানায় মামলা নং-৯ দায়ের করেন। মামলার গুরুত্ব বিবেচনায় সিনিয়র পুলিশ কর্মকর্তারা হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্তভার অর্পণ করেন থানার অভিজ্ঞ তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আশরাফের ওপর।
তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফ জানান, মামলাটি হাতে পাওয়ার পর তিনি ঘটনার প্রকৃত উদ্দেশ্য ও জড়িতদের শনাক্তে টানা দিনরাত পরিশ্রম করে বিভিন্ন প্রযুক্তিগত তথ্য, সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের তথ্যসহ গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেন।
দীর্ঘ তদন্তের ধারাবাহিকতায় ঘটনার ২০ দিন পর, ২৬ নভেম্বর ২০২৫ রাতে রূপসার রামনগর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সিদ্দিক খাঁর ছেলে আসাদুল খাঁকে গ্রেফতার করা হয়।
পরদিন আসামিকে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলতাফ হোসেনের আদালতে হাজির করা হলে আসাদুল খাঁ স্বেচ্ছায় হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।
রূপসা থানার পুলিশ জানায়, আসামির জবানবন্দি ও প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের পেছনে গুরুত্বপূর্ণ কিছু কারণ ও ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। পুরোচিত্র স্পষ্ট করতে তদন্ত আরও বিস্তৃত করা হচ্ছে।
পুলিশের সক্রিয় ভূমিকায় এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা।