- by Editor
- Jan, 02, 2025 18:05
রূপসা (খুলনা) প্রতিনিধি: রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে পিস্তলের তাজা কার্তুজ, মাদকদ্রব্য, নগদ টাকা ও মোটরসাইকেলসহ সোহাগ হাসান শেখ ওরফে আবির (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের ইশারাফ শেখের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট বিকালে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে এসআই মো. আকরামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ইলাইপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আনসার ক্যাম্পের পাশে একদল ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সোহাগ পালানোর চেষ্টা করে ধরা পড়ে, তবে তার সঙ্গে থাকা আরও ২-৩ জন পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে সোহাগ তার কাছে অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলি থাকার কথা স্বীকার করে। পরে একটি রেজিস্ট্রেশনবিহীন কালো মোটরসাইকেল, মাদকদ্রব্য, অস্ত্র ক্রয়-বিক্রয়ের নগদ ১৭,১১০ টাকা এবং মোটরসাইকেলের সিটের নিচে লুকানো অবস্থায় ৭.৬৫ মিমি পিস্তলের দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোহাগ দীর্ঘদিন ধরে রূপসা এলাকায় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মনে ভয়ভীতি সৃষ্টি করে অবৈধ অর্থ উপার্জন করছিল।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে গ্রেনেট বাবুর অর্থ আদায়কারী সোহাগকে আটক করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।”