- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক :খুলনার রূপসায় কৃষি ব্যাংকের পূর্ব রূপসা ঘাট শাখায় গেট ও লকার ভেঙে ১৬ লাখ টাকা লুট হয়েছে। ১৫ আগস্ট (শুক্রবার) এ ঘটনা ঘটলেও সুনির্দিষ্ট সময়ে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ব্যাংকের শাখাটি খুলনা–মোংলা মহাসড়কের পাশে পূর্ব রূপসা পেট্রোল পাম্প ও পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির কাছাকাছি অবস্থিত।
ব্যাংকের সিকিউরিটি প্রহরী আবুল কাশেম রাত ১০টার দিকে এসে দেখেন মেইন গেটের তালা ভাঙা। এরপর ভেতরে প্রবেশ করে তিনি দেখেন ভেতরের গেট ও লকার ভাঙা এবং মালপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি ব্যাংক কর্তৃপক্ষকে খবর দেন।
খবর পেয়ে ব্যাংক কর্মকর্তারা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও সেখানে ছুটে আসেন। পুলিশের উপস্থিতিতে ব্যাংকের ক্যাশিয়ার লেজার মিলিয়ে নিশ্চিত করেন যে ১৬ লাখ টাকা লুট হয়েছে।
ঘটনার আগে দুর্বৃত্তরা ব্যাংকের সব সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দেয়। তবুও ব্যাংক কর্তৃপক্ষ ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে। রাত ১২টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অপরাধীকে চিহ্নিত করা যায়নি।
ব্যাংকের সিকিউরিটি আবুল কাশেম জানান, তার স্ত্রী অসুস্থ থাকায় তিনি সারাদিন দায়িত্বে ছিলেন না। তবে দুপুর ২টার দিকে এসে ব্যাংক ঠিকঠাক অবস্থায় পেয়েছিলেন। তার ধারণা, বিকেলের পরপরই এ ঘটনা ঘটে থাকতে পারে।
রূপসায় কৃষি ব্যাংকের গেট ও লকার ভেঙে ১৬ লাখ টাকা লুটের ঘটনায় তিন নিরাপত্তা প্রহরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা লুটপাট চালানোর আগে ব্যাংকের প্রতিটি সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দেয়। এরপর গেট ও লকার ভেঙে টাকা লুট করা হয়।
আটককৃত তিন নিরাপত্তা প্রহরী হলেন— আফজাল, আবুল কাশেম ও তরিকুল।
এ ঘটনায় ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার মধ্যে যে কোনো সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে।
এদিকে ব্যাংকে লুটপাটের খবরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।