- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসায় জমিজমা নিয়ে বিরোধের জেরে খালেদা বেগম (৪৫) নামে এক গৃহবধূর ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর এলাকায় এ হামলা ঘটে। এ ঘটনায় রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতের ছেলে হেদায়েত মোল্লার অভিযোগ, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে তার চাচা মহিদুল মোল্লা (৩৮) ও শহিদুল মোল্লা (৩৫) তাদের পরিবারের সঙ্গে বিরোধে জড়িয়ে আছেন। ঘটনার দিন সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মহিদুল মোল্লা তার মা খালেদা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুই ভাই তার বাড়িতে প্রবেশ করে খালেদা বেগমের মাথায় রামদা দিয়ে কোপ দেন এবং এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করেন।
এ সময় হেদায়েত ও তার ছোট ভাই ইমন মোল্লা (১৫) ঠেকাতে গেলে তারাও মারধরের শিকার হন। তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতায় আহত খালেদা বেগমকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”