আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৮ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় বিপুল পরিমাণ জাল টাকা ও নকল পিস্তলসহ কারবারি গ্রেফতার



নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা, পাঁচটি নকল বিদেশি পিস্তল ও নকল গুলিসহ মোক্তাদির আলী রিপন (৩৫) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

গ্রেপ্তারকৃত মোক্তাদির উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান এলাকার বাসিন্দা তৈয়ব আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোক্তাদির আলী রিপনের বাড়িতে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোট ও আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ও সদর কোম্পানি, সিলেটের একটি যৌথ দল রবিবার (১৩ অক্টোবর) গভীর রাতে তার বাড়িতে বিশেষ অভিযান চালায়।

অভিযানে বসতঘরের আলমারি থেকে প্রায় ৩০ লাখ টাকার দেশি এবং ৬০ লাখ টাকার বিদেশি জাল নোটসহ মোট প্রায় এক কোটি টাকার জাল টাকা, নকল বিদেশি পিস্তল ৫টি এবং নকল ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় মোক্তাদির আলী রিপনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তাদির স্বীকার করেছে যে, গত তিন মাস ধরে বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে অনলাইনের মাধ্যমে নকল পিস্তল ও জাল টাকা ক্রয় করে তা অনলাইনে আগ্রহী ক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল।
প্রথমে ভিডিও কলের মাধ্যমে নকল টাকা ও অস্ত্র আসল বলে দেখিয়ে ক্রেতাদের বিশ্বাস অর্জন করতো। পরে কিছু ক্ষেত্রে কুরিয়ারে পণ্য পাঠালেও বেশিরভাগ সময় নকল কুরিয়ার স্লিপ দেখিয়ে অগ্রিম টাকা নিয়ে প্রতারণা করতো।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা জাল টাকা ও অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, র‌্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোক্তাদিরকে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।

author

Editor

কুলাউড়ায় বিপুল পরিমাণ জাল টাকা ও নকল পিস্তলসহ কারবারি গ্রেফতার

Please Login to comment in the post!
adds

you may also like