- by Editor
- Jan, 03, 2025 07:49
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারীর সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি'র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
তিনি বলেন, “উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নারীরা আজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করেছে। গণতান্ত্রিক রূপান্তরের আন্দোলনেও নারীরা ছিলেন সম্মুখ সারিতে। তাদের ত্যাগ ও অবদান বাংলাদেশের রাজনীতি ও উন্নয়নযাত্রায় অনন্য উদাহরণ হয়ে থাকবে।”
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫টি ওয়ার্ডের মহিলা দলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাটি অনুষ্ঠিত হয় রূপসা ডিগ্রি কলেজ মিলনায়তনে।
আজিজুল বারী হেলাল আরও বলেন, “দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, প্রশাসন, রাজনীতি—সবক্ষেত্রেই তাদের অংশগ্রহণ দিনদিন বাড়ছে। বিএনপি নারীদের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। নির্যাতিত, দুস্থ ও অসহায় নারীদের জন্য শেল্টার হোম, আইনি সহায়তা কেন্দ্র, কর্মজীবী নারীদের আবাসন ও ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে তাদের আর্থিক স্বাবলম্বিতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “একটি দল ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে। জনগণকে সেই বিভ্রান্তি থেকে দূরে রেখে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে বিজয়ী করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য ও ইউপি চেয়ারম্যান মোঃ আছাফুর রহমান, জেলা বিএনপি সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম ও জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ ইসলাম।
উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রেক্সোনা বেগমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ মহিউদ্দিন মিন্টু, সদস্য সচিব মোঃ দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, উপজেলা মহিলা দলের সভাপতি মর্জিনা বেগম, সাধারণ সম্পাদক শারমিন আক্তার আঁখি, ইউপি চেয়ারম্যান ইলিয়াস হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় নারীর উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং দলীয় প্রার্থীর পক্ষে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।