- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মনির হাওলাদার (২২) ও হানিফ শেখ (২২) নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের বিপরীত পাশে ১৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে এলাকায় এলোপাতাড়িভাবে গুলি চালায়। এ সময় চায়ের দোকানে বসে থাকা মনিরের গায়ে গুলি লাগে। তিনি ওই এলাকার আলম শেখের ছেলে। মনির ট্রাক থেকে সিমেন্ট নামানোর কাজ করতেন। ঘটনার সময় তিনি কাজ শেষে সহকর্মীদের সঙ্গে চায়ের দোকানে বসে চা পান করছিলেন এবং মজুরি ভাগ করছিলেন।
অন্যদিকে, নিজ বাড়িতে থাকা অবস্থায় একই এলাকার সিরাজ শেখের ছেলে রাজমিস্ত্রি হানিফ শেখের গায়েও গুলি লাগে। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসাইন আহমদ বলেন,“৮ থেকে ১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এলোপাতাড়িভাবে গুলি চালায়। এরপর তারা দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনাস্থলে চায়ের দোকানে থাকা মনির গুলিবিদ্ধ হন এবং বাড়িতে থাকা হানিফও আহত হন। তাদের দুজনকেই স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। দুজনই এখন শঙ্কামুক্ত।”
তিনি আরও জানান, কী কারণে এ হামলা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে।