- by Editor
- Jan, 03, 2025 07:14
প্রেস বিজ্ঞপ্তিঃ সুন্দরবন সংলগ্ন এলাকার দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় খুলনায় আজ অনুষ্ঠিত হচ্ছে যুব সম্মেলন ২০২৫। মহানগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই কনফারেন্সে সুন্দরবন প্রভাবিত পাঁচটি জেলার (খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা) ১৭টি উপজেলার চার শতাধিক তরুণ অংশ নিচ্ছেন।
সুন্দরবনের জীববৈচিত্র্য ও জলজ প্রাণীর আবাসস্থল রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ হ্রাসে এই তরুণরা দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে কাজ করে আসছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল এবং বন সংরক্ষক ইমরান আহমেদ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষাবিদ, উন্নয়নকর্মী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। সম্মেলনে অংশগ্রহণকারী তরুণরা নিজ নিজ জেলার একটি করে স্টলে তাদের সুরক্ষা কার্যক্রম, উদ্ভাবনী উদ্যোগ ও জনসচেতনতামূলক কাজ উপস্থাপন করবেন।
এ সময় 'সুন্দরবন সুরক্ষায় খুলনা ঘোষণা' অনুমোদন ও প্রকাশ করা হবে, যা এই অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, জার্মান সরকারের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের তত্ত্বাবধানে সুন্দরবন ম্যানগ্রোভ বন ও সংলগ্ন অঞ্চলের দূষণ কমানো ও বাস্তুসংস্থান উন্নয়নে একটি প্রকল্প ২০২৪ সালের জুন থেকে চালু রয়েছে। প্রকল্পটি চলবে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত।