- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদকঃ খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের হাজীগ্রামে শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর আজিজুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ২ নভেম্বর সরিসাপাড়া গ্রামের ২১ বছর বয়সী এক তরুণীর সাথে প্রেমের সম্পর্কের পর বিবাহ হয় হাজীগ্রামের রাজিব শেখের সাথে। বিবাহের পর থেকেই রাজিবের পিতা আজিজুল শেখ পুত্রবধূর প্রতি কুদৃষ্টি দিতে শুরু করেন এবং নানা কুপ্রস্তাব দিতে থাকেন।
এক পর্যায়ে নিজ পুত্রকে বাড়ির বাইরে পাঠিয়ে দিয়ে বাড়ি ফাঁকা করে ওই গৃহবধূকে চেতনা হারানোর ওষুধ সেবন করিয়ে ধর্ষণ করেন আজিজুল শেখ। ভুক্তভোগী স্বামীর কাছে ঘটনাটি জানালেও কোনো সহযোগিতা পাননি। বরং ভয়, লজ্জা ও নির্যাতনের কারণে তিনি দীর্ঘদিন বিষয়টি চেপে যান। এই সময়ের মধ্যে একাধিকবার তার ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। অবশেষে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) নির্যাতিত গৃহবধূর পিতা বাদী হয়ে দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, “ভিকটিমের পিতার দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত আজিজুল শেখকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”