আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় কারারক্ষীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা, অভিযোগ: যৌন হয়রানি ও হুমকি


খুলনা প্রতিনিধি: খুলনা জেলা কারাগারের এক কারারক্ষীর বিরুদ্ধে যৌন হয়রানি, ডিজিটাল মাধ্যমে হুমকি ও অশালীন আচরণের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেনের স্ত্রী জাহানারা সুলতানা পিয়া।

বৃহস্পতিবার (৩১ জুলাই) খুলনার সাইবার ট্রাইব্যুনালে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৫(৩) ও ৩০ ধারায় এই মামলা করেন তিনি। মামলায় অভিযোগ করা হয়, কারারক্ষী রবিউল ইসলাম ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বাদীকে অশ্লীল ছবি পাঠানো, মিথ্যা প্রলোভন দেখানো, যৌন হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং এসব ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

আসামি রবিউলের কারারক্ষী নম্বর ৪১৯৩০। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের আফসার উদ্দিন গাজীর পুত্র।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের এপ্রিল মাসে বাদীর স্বামী কাজী আলমগীর হোসেন গ্রেপ্তার হওয়ার পর তিনি নিয়মিত কারাগারে স্বামীর সাথে সাক্ষাৎ করতে যেতেন। এ সময় কারারক্ষী রবিউলের সঙ্গে তার পরিচয় হয়। নিজেকে একই এলাকার লোক পরিচয় দিয়ে রবিউল তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন এবং স্বামীর সাক্ষাৎ, খাবার ও ওষুধ পৌঁছে দেওয়ার কথা বলে মোবাইল নম্বর সংগ্রহ করেন।

পরবর্তীতে বিভিন্ন সময় বাদীর স্বামীকে নতুন মামলায় জড়ানোর ভয় দেখিয়ে রবিউল তাকে মানসিকভাবে দুর্বল করে তোলেন। এরপর তিনি শারীরিক ঘনিষ্ঠতা স্থাপনের চেষ্টা করেন এবং গোপনে ছবি তোলেন। একপর্যায়ে জোরপূর্বক চুম্বন ও বিবস্ত্র করার চেষ্টা করেন বলে অভিযোগে বলা হয়।

বাদী এসব ঘটনার পর কারাগারে যাওয়া বন্ধ করেন। পরে তার স্বামী জামিনে মুক্তি পাওয়ার পরও রবিউল তাকে ফোন করে হয়রানি করতে থাকেন এবং বিভিন্ন আপত্তিকর ছবি ও মন্তব্য পাঠান।

প্রাথমিকভাবে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করতে গেলে তা গ্রহণ না করায় বাদী আদালতের দ্বারস্থ হন। বিচারক মমিনুন নেছা মামলাটি গুরুত্ব সহকারে আমলে নিয়ে পুলিশের সংশ্লিষ্ট বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, বাদীর স্বামী কাজী আলমগীর হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ২০১৮ ও ২০২৩ সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া তিনি সাবেক সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ শেখ হারুনুর রশিদের ভাগ্নে।

author

Editor

খুলনায় কারারক্ষীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা, অভিযোগ: যৌন হয়রানি ও হুমকি

Please Login to comment in the post!
adds

you may also like