- by Editor
- Jan, 02, 2025 18:05
খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে তার নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত টগর ওই এলাকার জামাল হাওলাদারের ছেলে ও পেশায় একজন রংয়ের ঠিকাদার ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাতের ওই সময় ৩ জন যুবক টগরের বাড়িতে প্রবেশ করে। দরজা খোলার পর কথাবার্তার একপর্যায়ে হঠাৎ করেই এক যুবক তার বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। টগরের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, "হত্যাকাণ্ডে জড়িত তিন যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা নিহতের পূর্ব পরিচিত। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।"
এদিকে, এই নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।