- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর দৌলতপুরে প্রকাশ্যে এক যুবকের কাছ থেকে মাথায় পিস্তল ঠেকিয়ে ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানাধীন নেছারিয়া মাদ্রাসা গ্যাসপাম্পের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাপি ভৌমিক খুলনার সরকারি বি.এল. কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন। তিনি জানান, মোবাইল ফোন কেনার উদ্দেশ্যে শিক্ষক রেজা আহমেদ রাকিবের সঙ্গে নগরীর বিভিন্ন দোকান ঘুরে দেখার পর ফেরার পথে এ ঘটনা ঘটে।
রেজা আহমেদ রাকিব বলেন, “আমরা দুজন মিলে মোবাইল কেনার জন্য বের হয়েছিলাম। পছন্দসই ফোন না পাওয়ায় আমি আগে নেমে যাই, বাপি যাচ্ছিল দৌলতপুরের দিকে। হঠাৎ কিছুক্ষণ পর শুনি, তার সঙ্গে ছিনতাই হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে আসা দুই যুবক হঠাৎ বাপির হাতে থাকা ব্যাগে টান দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে মুখে আঘাত পান। এরপর ছিনতাইকারীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যাগে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা আহত বাপিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বাপির বাবা বিবেকানন্দ ভৌমিক জানান, “আমার ছেলে খুবই ভয় পেয়েছে। এমন ঘটনায় আমরা পরিবারসহ আতঙ্কে আছি।”
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে দৌলতপুর এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে, অথচ পুলিশি টহল চোখে পড়ছে না।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।