- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনে মুক্তিপণের দাবিতে জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি হওয়া চার জেলেকে অভিযান চালিয়ে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার ভোরে শিবসা নদীসংলগ্ন আড়বাউনি খালে এ অভিযান পরিচালিত হয়। এসময় দস্যুদের আস্তানা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধার হওয়া জেলেরা হলেন— খুলনার কয়রার মফিজুল ইসলাম ও হাবিবুর রহমান, দাকোপের মো. হাবিবুর রহমান এবং সাতক্ষীরার শ্যামনগরের শাহজাহান গাজী।
কোস্টগার্ড জানায়, গত ১০ দিন ধরে দস্যুরা জেলেদের আটকে রেখে মুক্তিপণের জন্য দফায় দফায় নির্যাতন চালিয়ে আসছিল। খবর পেয়ে কোস্টগার্ড বিশেষ অভিযান শুরু করলে দস্যুরা আত্মসমর্পণের আহ্বান উপেক্ষা করে বনের ভেতরে পালিয়ে যায়। এসময় নৌকায় থাকা চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
নৌকাটিতে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, দুটি এয়ারগান ও তিনটি তাজা কার্তুজ জব্দ করা হয়।
কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত ১৮ জন দস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে ১৯টি আগ্নেয়াস্ত্র ও ২৩১টি গুলি।