আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৫ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে মাদক মামলার আসামি পলায়ন


নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পলায়ন করেছেন মাদক মামলার এক আসামি। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামির নাম ইউসুফ (২৩)। তিনি খুলনার খালিশপুর থানার আলমনগর মোড় এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আলমনগর মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে গ্রেপ্তার করে খালিশপুর থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। রাতে বুকে ব্যথা অনুভব করলে পুলিশ ইউসুফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করে।

হাসপাতাল সূত্র জানায়, ওই সেলে ইউসুফের সঙ্গে আরও এক আসামি মাকসুদ আলম চিকিৎসাধীন ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে মাকসুদ বাথরুমে যাওয়ার কথা বললে, সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল রাব্বি আলী তালা খুলে তাকে বাইরে নিয়ে যান। এ সময় তিনি ভুলবশত সেলের দরজার তালা না লাগিয়েই চলে যান। এর কিছুক্ষণ পর বাথরুম থেকে ফিরে দেখা যায় ইউসুফ আর সেলে নেই।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক জানান, প্রিজন সেলের অপর প্রান্তে কারারক্ষীদের অবস্থান ছিল। গেটে তালা না থাকার সুযোগে ইউসুফ পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই ইউসুফকে গ্রেপ্তারে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একইসঙ্গে দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
ঘটনাটি জানাজানি হলে হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকাজুড়ে নজরদারি বাড়িয়েছেন।

author

Editor

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে মাদক মামলার আসামি পলায়ন

Please Login to comment in the post!
adds

you may also like