- by Editor
- Jan, 03, 2025 07:14
নিজস্ব প্রতিবেদকঃ খালিশপুর থানাধীন প্রভাতি মাধ্যমিক বিদ্যালয় ও রোটারি স্কুলে অনুষ্ঠিত হলো মানব পাচার, ট্রাফিক আইন এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) এই আয়োজন করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’। কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “চাকরি বা বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে মানুষকে পাচারের ঘটনা বেড়েই চলেছে। আত্মীয় বা বন্ধুর মুখোশে থাকা অপরাধীরাও এতে জড়িত থাকতে পারে। তাই সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে এবং সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে।”
তিনি আরও বলেন, “বাল্যবিবাহ একটি নীরব দুর্যোগ। এটি শুধু একটি মেয়ের ভবিষ্যৎ ধ্বংস করে না, সমাজকেও পেছনে ফেলে দেয়। অল্প বয়সে বিয়ে মানেই শিক্ষা থেকে পিছিয়ে পড়া, স্বপ্নকে হত্যা করা এবং মানসিক ও শারীরিক ক্ষতির ঝুঁকি।” পুলিশ কমিশনার স্মার্টফোন ও প্রযুক্তি ব্যবহারে সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেন, “অপরিচিত অ্যাপ বা লিংকে ক্লিক না করা, ব্যক্তিগত ছবি বা ভিডিও কারো সঙ্গে শেয়ার না করাই বুদ্ধিমানের কাজ। প্রযুক্তির অপব্যবহার ভয়াবহ বিপদের কারণ হতে পারে। পাশাপাশি অতিরিক্ত মোবাইল ব্যবহার লেখাপড়ায় ব্যাঘাত ঘটায় এবং মানসিক চাপ তৈরি করে।”
এ সময় শিক্ষার্থীদের জন্য ট্রাফিক আইন ও নিরাপদ রাস্তা পারাপার বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করে খুলনা মেট্রোপলিটন পুলিশ। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব সুদর্শন কুমার রায় এবং সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) জনাব সৌমেন্দ্র কুমার বাইন। প্রভাতি মাধ্যমিক বিদ্যালয় ও রোটারি স্কুলের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।