- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদকঃ নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল ইলিয়াসবাদ ইউনিয়নে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে বাবর আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া ও উত্তেজনা বিরাজ করছে। চেয়ারম্যান মনিরুল ইসলাম জিডিতে উল্লেখ করেন, বাবর আলী তাকে একাধিকবার মোবাইল ফোনে কল করে ইলিয়াসবাদ ইউনিয়নের একটি সড়ক উন্নয়ন প্রকল্পে কথিত অনিয়মের অভিযোগ তুলে চাঁদা দাবি করেন। পরবর্তীতে তিনি সরাসরি প্রকল্পস্থলে গিয়ে কাজ বন্ধ করার চেষ্টা করেন, শ্রমিকদের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। চেয়ারম্যান জানান, “উক্ত সড়কটি এলজিইডির আওতায় থাকলেও বাস্তবে কোনো উন্নয়ন কাজ হচ্ছিল না। তাই ব্যক্তিগত তহবিল থেকে আমি সড়ক সংস্কার কাজ শুরু করি। কিন্তু বাবর আলী সাংবাদিক পরিচয়ে এসে অবৈধভাবে টাকা দাবি করে। চাঁদা না পেয়ে এখন সে সামাজিক মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
।”স্থানীয় বাসিন্দা আজি শেখ, মিকাইল মোল্লা জানান, বাবর আলী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার নামে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের মতো অপকর্মে লিপ্ত। তার বিরুদ্ধে আগেও চাঁদাবাজির মামলা রয়েছে এবং সে মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হন। এমনকি এসব কর্মকাণ্ডের কারণে তাকে কালিয়া প্রেস ক্লাব থেকেও বহিষ্কার করা হয়েছে।
কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ বলেন, “আমরা ক্লাবের নিয়ম-কানুন ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে চলি। বাবর আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।
”এ ব্যাপারে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
”অভিযুক্ত বাবর আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন সাড়া পাওয়া যায়নি।