আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ সকাল | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় বাবর আলীর বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: নড়াইল জেলার কালিয়া উপজেলার ইলিয়াসবাদ ইউনিয়নে বাবর আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করে মোটা অঙ্কের অর্থ দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচারের কারণে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবর আলী সম্প্রতি নিজেকে একটি পত্রিকার সাংবাদিক পরিচয়ে ইলিয়াসবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ রয়েছে, তিনি চেয়ারম্যানের বাস্তবায়ন করা একটি রাস্তার উন্নয়ন প্রকল্পে কথিত ‘অনিয়ম’ প্রকাশ না করার শর্তে চাঁদা দাবি করেন।

ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, “উক্ত রাস্তার প্রকল্পটি মূলত তেরখাদা উপজেলার বিলদুড়িয়া সীমান্তবর্তী এলাকায় হলেও স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে আমি ব্যক্তিগত উদ্যোগে কাজটি সম্পন্ন করেছি। কোনো ধরনের অনিয়ম হয়নি। এরপরও বাবর আলী মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা করছে।”

স্থানীয় বাসিন্দাদের দাবি, বাবর আলী দীর্ঘদিন ধরেই বিভিন্ন ঠিকাদার, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অপচেষ্টা চালিয়ে আসছেন। অথচ, তার সাংবাদিক হিসেবে কোনো স্বীকৃতি নেই এবং তিনি কোনো পেশাদার সাংবাদিক সংগঠনের সদস্য বলেও প্রমাণ মেলেনি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এর আগেও বাবর আলীর বিরুদ্ধে কালিয়ার একটি বেসরকারি ক্লিনিকে চাঁদাবাজির অভিযোগে মামলা হয় এবং সে মামলায় তিনি কারাভোগ করেছেন। এমনকি এসব অনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে কালিয়া প্রেস ক্লাব থেকেও বহিষ্কার করা হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, “এমন ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধ না হলে প্রকৃত সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হবে। প্রশাসনের উচিত অবিলম্বে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।”

অভিযুক্ত বাবর আলীর বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

author

Editor

কালিয়ায় বাবর আলীর বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

Please Login to comment in the post!
adds

you may also like