- by Editor
- Jan, 02, 2025 18:44
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের তিন ঘণ্টা পার হলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় আশপাশের আকাশ আচ্ছন্ন হয়ে পড়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম বলেন, “আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”
এদিকে আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নিয়ে আনসারের ১৭ জন সদস্য আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান।
তিনি জানান, “ঘটনাস্থলে আনসারের এক হাজার সদস্য মোতায়েন রয়েছে। আহত ১৭ জনের মধ্যে নয়জনকে সিএমএইচে এবং বাকি আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
অগ্নিনির্বাপণ কার্যক্রমে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী, সেনাবাহিনী ও বিজিবির দুটি প্লাটুন সদস্যও অংশ নিয়েছে।
কার্গো ভিলেজের কর্মরত তারেকুল ইসলাম জানান, “আমরা কাজ শেষ করে বের হয়ে যাওয়ার মাত্র ১০ মিনিট পরই আগুন লাগে।”
আরেকজন সিঅ্যান্ডএফ কর্মচারী বলেন, “কার্গোর সব কাপড়চোপড় ও কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছুই শেষ হয়ে গেছে। আগামী দুই-তিন মাস হয়তো কোনো কাজই করতে পারব না।”
আগুনের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন।