আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৩ দুপুর | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শাজাহানপুরে আলোচিত আল আমিন হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামে আলোচিত ব্যবসায়ী আল আমিন হত্যা মামলার দুই পলাতক আসামিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তারকৃতরা হলেন— মামলার ৪নং আসামি বাশির আহমেদ (২৬) ও ৫নং আসামি মো. নাজির হোসেন (২৮)। তারা ভাদাইকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

শনিবার বিকেলে র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া এবং র‌্যাব-৪ এর একটি দল যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, নিহত আল আমিন (৩৫) বগুড়া নিউ মার্কেটের একজন ব্যবসায়ী ছিলেন। গত ২৮ জুলাই সকালে ব্যবসার কাজে বের হওয়ার সময় সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে এবং নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ আগস্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

র‌্যাবের ভাষ্য, হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দারুস সালাম থানা এলাকার গাবতলী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা দাবি করেছেন, গ্রেপ্তার আসামি বাশির আহমেদের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা গেছে— যা উদ্ধার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

author

Editor

বগুড়া শাজাহানপুরে আলোচিত আল আমিন হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

Please Login to comment in the post!
adds

you may also like