- by Editor
- Jan, 02, 2025 18:05
যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রানা প্রতাপ (৪৫)। তিনি যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা তুষারকান্তি বৈরাগীর ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কপালিয়া বাজারে অবস্থানকালে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা হঠাৎ রানাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুহূর্তের মধ্যে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও পথচারীরা নিরাপদ আশ্রয়ে সরে যান।
খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহ শুরু করেছে। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন,
“আমরা ঘটনাস্থলে রয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।”
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র শনাক্ত এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।