আজকের তারিখ: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ বিকাল | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে সাবেক যুবদল নেতা জানে আলম সিকদার গুলিতে নিহত


চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৩৫) নামে যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের আগে জানে আলম সিকদার বাড়ির গেটের সামনের উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পালসার মডেলের একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক সেখানে আসে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছ থেকে জানে আলমকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলির পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলিবিদ্ধ অবস্থায় জানে আলম মাটিতে লুটিয়ে পড়েন। কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

নিহত জানে আলম সিকদার রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় রাজনীতির কিছু ঘটনার পর তিনি বেশ কিছুদিন ধরে সক্রিয় রাজনীতির বাইরে ছিলেন। তবে নিহতের পরিবারের দাবি, তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। কী কারণে তাকে লক্ষ্য করে হত্যা করা হলো—তা তারা বুঝতে পারছেন না।

রাউজান থানার এক পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। হামলায় জড়িত তিনজনকে শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘টার্গেট কিলিং’ বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

author

Editor

রাউজানে সাবেক যুবদল নেতা জানে আলম সিকদার গুলিতে নিহত

Please Login to comment in the post!
adds

you may also like