আজকের তারিখ: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৩ রাত | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী-সন্তানের মৃত্যুর তিন দিন পর হাইকোর্ট থেকে জামিন পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম


নিজস্ব প্রতিবেদক: স্ত্রী ও ৯ মাসের শিশুসন্তানের মৃত্যুর তিন দিন পর মানবিক বিবেচনায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম।

সোমবার (২৬ জানুয়ারি) আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের বাড়িতে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় তার পাশেই নিথর অবস্থায় পড়ে ছিল তাদের ৯ মাসের শিশুসন্তান নাজিমের মরদেহ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে সাদ্দামকে শেষবারের মতো তার স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। কারা কর্তৃপক্ষ জানায়, মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে সাদ্দামের পরিবারের ছয় সদস্যকে কারা ফটকে প্রবেশ করতে দেওয়া হয় এবং সাদ্দামকে প্রায় পাঁচ মিনিট সময় দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকে সাদ্দাম যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

এদিকে স্ত্রী ও সন্তানের মৃত্যুতে সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সমালোচনার সৃষ্টি হলে রোববার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি স্পষ্ট করে। বিবৃতিতে বলা হয়, প্যারোলে মুক্তির বিষয়ে সাদ্দামের পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত আবেদন করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, পরিবারের মৌখিক অভিপ্রায়ের ভিত্তিতে মানবিক দিক বিবেচনা করে যশোর জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করেছে। এছাড়া বিভিন্ন মাধ্যমে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে—এমন খবর সঠিক নয় বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

হাইকোর্টের জামিন আদেশের ফলে দীর্ঘদিন পর কারামুক্ত হতে যাচ্ছেন জুয়েল হাসান সাদ্দাম।

author

Editor

স্ত্রী-সন্তানের মৃত্যুর তিন দিন পর হাইকোর্ট থেকে জামিন পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম

Please Login to comment in the post!
adds

you may also like