- by Editor
- Jan, 02, 2025 18:05
রূপসা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার রূপসা উপজেলায় এক কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করা এবং পরবর্তীতে তার মায়ের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রূপসা উপজেলার আলাইপুর এলাকার বাসিন্দা লিমা বেগম (৩৫) থানায় উপস্থিত হয়ে একই এলাকার শাহারিয়া (১৯) ও রুকছানা বেগম (২৫)-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, প্রায় ছয় মাস ধরে অভিযুক্ত শাহারিয়া তার ১৪ বছর বয়সী কন্যা স্বর্ণা খাতুনকে মাদ্রাসায় যাতায়াতের পথে উত্যক্ত করে আসছিল। এতে কিশোরীর পড়াশোনাও বাধাগ্রস্ত হচ্ছিল।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১১ জানুয়ারি বিকেলে বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার সময় অভিযুক্ত শাহারিয়া কিশোরীকে অশ্লীল কথাবার্তা ও কুপ্রস্তাব দেয়। এ সময় তার চাচি শাশুড়ি কহিনূর বেগম (৬৭) প্রতিবাদ করলে তাকেও গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এর জের ধরে পরদিন ১২ জানুয়ারি সকালে অভিযুক্তরা ভুক্তভোগীর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। অভিযোগ অনুযায়ী, শাহারিয়া লিমা বেগমকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। বাধা দিতে এলে তার আত্মীয়দেরও গালিগালাজ করা হয় এবং একপর্যায়ে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করা হয়।
স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার সময় পুনরায় ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী লিমা বেগম জানান, “আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছি।”
এ বিষয়ে রূপসা থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।