- by Editor
- Jan, 03, 2025 07:14
নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলার দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক অসহায় নারী ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে একই এলাকার প্রভাবশালী একদল ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগী বিলকিস বেগম (৪০), স্বামী সালাম মোল্লাকে নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
জানা যায়, ৬ সেপ্টেম্বর (শনিবার) বিলকিস বেগম বাদী হয়ে দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা—
১। মোঃ মুয়াজ্জিন সরদার মিন্টু (৪৫), পিতা মৃত মোকছুদ সরদার
২। মোঃ ইছা সরদার (২২), পিতা মোঃ গাউস সরদার
৩। মোঃ দেলোয়ার হোসেন (৫৫), পিতা মৃত জিল্লুর রহমান
—এদের বিরুদ্ধে চাঁদাবাজি, এসিড নিক্ষেপ ও হত্যার হুমকির অভিযোগে রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে বাদী বিলকিস বেগম দক্ষিণ খাজাডাঙ্গা এলাকায় একটি জমি ক্রয় করে সেখানে ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। সেই থেকে বিবাদীগণ তার নিকট ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা নানা উপায়ে ভুক্তভোগী পরিবারকে হয়রানি ও ভীতি প্রদর্শন করতে থাকে।
বাদীর অভিযোগে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে অভিযুক্তরা রাতের বেলায় তাদের বাড়ির সামনে অবস্থান নেয়, সীমানা টিনে আঘাত করে আতঙ্ক সৃষ্টি করে এবং এলাকায় বলে বেড়ায়—বিলকিস বেগম বা তার স্বামী ঘর থেকে বের হলে তাদের ওপর এসিড নিক্ষেপ করবে কিংবা বাড়িতে বোমা মারবে। এতে পরিবারটি দীর্ঘদিন ধরে ভয়-আতঙ্কে রয়েছে এবং ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না।
বিলকিস বেগম আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা তাকে জমি থেকে উচ্ছেদ করে অবৈধভাবে দখলের চেষ্টা করছে। তিনি বলেন, “আমার পরিবার নিয়ে এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো মুহূর্তে বড় ধরনের ক্ষতি হতে পারে।”
এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের কয়েকজন বাসিন্দা জানান, ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে প্রশাসন যেন দ্রুত আইনি ব্যবস্থা নেয়, সেটাই এখন সবার প্রত্যাশা।