- by Editor
- Jan, 02, 2025 18:05
খুলনা প্রতিনিধি: খুলনার লবণচরা থানাধীন খুলনা শীপইয়ার্ড পূর্বপাশে বড় পল্টুনের কাছে রূপসা নদীর তীরে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
রূপসা নৌ-পুলিশ পরিদর্শক আবুল খায়ের শেখের নেতৃত্বে এএসআই মো. বেল্লাল হোসেন, কনস্টেবল রাসেল রানা ও রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করেন। নিহতের বয়স আনুমানিক ২৮ বছর।
পুলিশ জানায়, লাশটি ফোলা ও পচনশীল অবস্থায় নদীর পানিতে ভাসছিল। মৃতের পরনে সাদা পাজামা ছিল। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পচনশীল হওয়ায় আঙুলের ছাপ সংগ্রহ করা সম্ভব হয়নি।
মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।