আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ দুপুর | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালের শিবনগরে সন্ত্রাসীদের হামলায় আহত ৬ খুলনা মেডিকেলে ভর্তি যুবকের হাতের রগ কর্তন সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি, থানায় লিখিত অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: খুলনার রামপাল উপজেলার শিবনগরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে শরিফুজ্জামান রুবেল (৩০) ও শাহআলম শেখ (৩০)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উজড়কুড় ইউনিয়নের শিবনগর কানার খাল এলাকায় চিহ্নিত সন্ত্রাসী শহিদ ওরফে “র‍্যাব শহিদ”-এর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে ভুক্তভোগীরা জানান, পরিকল্পিতভাবে ২০-২৫ জন সন্ত্রাসী পলিথিনে রাখা ঝাল-লবণ, ধারালো অস্ত্র, রড, হাতুড়ি, শাবল ও লাঠি-সোটা নিয়ে ওৎ পেতে ছিল। সুযোগমতো ঝালের গুড়া আহতদের চোখে ছুঁড়ে দিয়ে চারদিক ঘিরে ফেলে। এরপর ধারালো দাঁ দিয়ে রুবেলের মাথা ও হাত কুপিয়ে রগ ও হাড় কেটে দেওয়া হয়। শাহআলমের হাঁটুতে কুপিয়ে জয়েন্ট ভেঙে দেওয়া হয়। শাহীন শেখ (৫৫), আব্দুল্লাহ শেখ (২৫), আজমীর (১৮), আসাবুর (৩০) ও রনি (২২)-কেও এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এ সময় তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে।

এর আগে ৯ আগস্ট প্রতিপক্ষ আসাদের জমি দখলের চেষ্টা করে। ওই ঘটনায় আদালতে ১৪৪ ধারায় অভিযোগ করেন ভুক্তভোগীরা। মামলার পর থেকে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ১১ আগস্ট আসাদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।

স্থানীয়রা জানান, শহিদ বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা দাপট দেখালেও সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পান না। নারীদের গায়ে হাত তোলা, তৃতীয় লিঙ্গের মানুষকে মারধরসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

আহত রুবেল বলেন, “আমাকে খুন করার পরিকল্পনা ছিলো। আমার হাতের রগ কেটে দিয়েছে, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়েছে। আল্লাহর রহমতে বেঁচে গেছি।”

রামপাল থানার ওসি আতিকুর রহমান বলেন, “দুই পক্ষের সংঘর্ষে আহতের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

author

Editor

রামপালের শিবনগরে সন্ত্রাসীদের হামলায় আহত ৬ খুলনা মেডিকেলে ভর্তি যুবকের হাতের রগ কর্তন সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি, থানায় লিখিত অভিযোগ

Please Login to comment in the post!
adds

you may also like