আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩০ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রূপসা বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদকঃ খুলনা-বরিশাল-গোপালগঞ্জ ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে তিন সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে রূপসা বাস-মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতি। দাবি পূরণ না হলে আগামী ৬ অক্টোবর থেকে প্রায় ৫০টি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ঘোষণা দিয়েছে সংগঠনটি। রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনার রূপসা বাস টার্মিনালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সভাপতি মোল্লা আনোয়ারুল ইসলাম। এ সময় তিনি জানান, নসিমন, করিমন, ইজিবাইক, মাহিন্দ্র ও ব্যাটারিচালিত থ্রি-হুইলারসহ সব ধরনের অবৈধ যানবাহন সড়কে অনিয়মিতভাবে চলাচল করছে। এসব যানবাহনের চালকদের লাইসেন্স নেই, অভিজ্ঞতাও নেই। এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং সড়কে শৃঙ্খলা ভেঙে পড়ছে। তিনি অভিযোগ করেন, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও দক্ষিণাঞ্চলের ১০ জেলায় এসব অবৈধ যান চলাচল বন্ধ হচ্ছে না। উপরন্তু বিআরটিসির নাম ব্যবহার করে অনুমোদনবিহীন গাড়িও রাস্তায় চলাচল করছে। নিলাম থেকে কেনা পুরনো গাড়ি সামান্য মেরামত করে বিআরটিসির নাম ব্যবহার করে রাস্তায় নামানো হচ্ছে। স্থানীয় ডিপো কর্মকর্তাদের অনৈতিক যোগসাজশে এসব অনিয়ম চলছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন শেখ, নির্বাহী সভাপতি মোল্লা সাইফুর রহমান, কার্যকরী সভাপতি মো. মূর্শিদুর রহমান (লিটন), সিনিয়র সহ-সভাপতি বিকাশ মিত্রসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মালিক সমিতির নেতারা জানান, অবৈধ যান চলাচল বন্ধসহ তাদের দীর্ঘদিনের দাবি আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে ৬ অক্টোবর থেকে ৫ জেলার ৭টি বাস মালিক সমিতির অধীনে চলাচলকারী প্রায় ৫০টি রুটে বাস-মিনিবাস-মাইক্রোবাস চলাচল বন্ধ থাকবে। তাদের দাবি, অবিলম্বে অবৈধ যানবাহন বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গণপরিবহন ব্যবস্থা অচল হয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন তারা।

author

Editor

অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রূপসা বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

Please Login to comment in the post!
adds

you may also like