- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট জেলার মংলা উপজেলায় গভীর রাতে ছোট ভাইয়ের নৃশংস ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে মংলা কলেজ রোড এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘাতক সাহা আলম তার পিতার কাছে দেড় লক্ষ টাকা দাবি করেন। এ সময় তার পিতা জানান, বড় ছেলের সঙ্গে কথা না বলে তিনি টাকা দেবেন না। এতে ক্ষুব্ধ হয়ে বড় ভাই তার বাবাকে ঘরে আটকে রাখেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে বাবাকে আনতে ছোট ভাই সাহা আলম বড় ভাইয়ের কাছে গেলে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
বাকবিতণ্ডার একপর্যায়ে সাহা আলম ধারালো ছুরি দিয়ে বড় ভাইকে উপুর্যুপুরি আঘাত করেন। গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।
মংলা থানার পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।