- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনা নগরীর ২ নম্বর কাস্টমঘাট এলাকায় দুর্বৃত্তের গুলিতে সোহেল (২৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (৩ আগস্ট ২০২৫) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সোহেল ওই এলাকার মনিরুল ইসলামের বাড়ির ভাড়াটে স্বপন শিকদারের ছেলে।
ঘটনার বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান,সোহেল তার বাসা থেকে বের হয়ে কাস্টমঘাটের একটি সেলুনের সামনে অবস্থান করছিলেন। এ সময় চার-পাঁচজন মোটরসাইকেলে এসে মুখে কাপড় ও হেলমেট দিয়ে ঢেকে সোহেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার পেটে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।”
এদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আবু তারেক বলেন সোহেল স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক বা টাকার লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব থেকেই এ হামলা হয়ে থাকতে পারে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
স্থানীয়রা জানান, ওই এলাকায় সন্ধ্যার পর থেকেই নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে।
নগরীর জনবহুল এলাকায় প্রকাশ্যে এমন গুলির ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।