আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০১ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় আদালতের সামনে জোড়া খুনের আসামিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার, ইয়াবা ও অস্ত্র উদ্ধার


নিজস্ব প্রতিবেদক: খুলনায় আদালত চত্বরের সামনে সংঘটিত আলোচিত জোড়া খুনের মামলার দুই আসামিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সেনেরবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আইচগাতি এলাকার ইমরান মুন্সির ছেলে মো. রেজাউল মুন্সী হৃদয় এবং একই এলাকার সাহাবুদ্দিন শেখের ছেলে মো. আলিফ হোসেন নয়ন।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সেনেরবাজার এলাকার পলাশের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই শেষে সেখানে অভিযান চালায় র‍্যাব। অভিযানের সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে র‍্যাব পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশের সহায়তায় দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬ এর মেজর মো. নাজমুল ইসলাম জানান, আদালত চত্বরের সামনে সংঘটিত জোড়া খুনের ঘটনায় সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে হৃদয় ও নয়নের অবস্থান নিশ্চিত করা হয়। ফুটেজ ও অন্যান্য তথ্য অনুযায়ী, তারা গুলি করার পর রাজন ও রাব্বি নামের দুইজনকে কুপিয়ে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট, একটি খেলনা পিস্তল ও একটি দেশি তৈরি কুড়াল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা ও মাদকসহ একাধিক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ ডিসেম্বর আদালত চত্বরের সামনে সংঘটিত জোড়া খুনের অন্যতম আরেক আসামি মো. ইজাজুল হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

author

Editor

খুলনায় আদালতের সামনে জোড়া খুনের আসামিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

Please Login to comment in the post!
adds

you may also like