- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী, খুন, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি মোঃ শামীম ওরফে টুন্ডা শামীম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মৃত মজিবুর শেখের পুত্র।
আজ শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে “সুন্দরবন এক্সপ্রেস” ট্রেনে উঠার সময় খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য সহযোগীদেরও আটক করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ এবং সোনাডাঙ্গা থানা পুলিশের যৌথ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতার টুন্ডা শামীম দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক যাচাইয়ে তার বিরুদ্ধে এখন পর্যন্ত মোট ৬টি মামলার রেকর্ড পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, টুন্ডা শামীম খুলনার অপরাধ জগতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র এবং তার গ্রেফতারের মাধ্যমে মহানগরীর অপরাধ দমনে বড় ধরনের অগ্রগতি আসবে বলে আশা করা হচ্ছে।
গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।