- by Editor
- Jan, 15, 2025 10:37
নিজস্ব প্রতিবেদক: খুলনার ভৈরব নদীতে ফেরির ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনায় আকাশ সরকার (২২) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। তিনি রূপসা উপজেলার আইচগাতী সাহাপাড়া গ্রামের দিলিপ সরকারের ছেলে।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) শিমুল ঘোষ জানান, বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে জেলখানা ঘাট থেকে রাব্বি নামের এক মাঝি প্রায় ২৫–৩০ জন যাত্রী নিয়ে সেনের বাজার ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা হন। মাঝনদীতে ফেরির সাথে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।
এসময় ফেরি ও অন্যান্য ট্রলারের সাহায্যে অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা হলেও আকাশ সরকার নামে এক যুবক নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।
খবর পেয়ে নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি। ট্রলারটি পরে উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে এসআই শিমুল ঘোষ আরও জানান, নিখোঁজ ব্যক্তির বিষয়ে খোঁজখবর চলছে এবং উদ্ধার অভিযান অব্যাহত আছে। আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে নদীতে নৌ পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।