- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় খুলনা জেলার পূজাখোলা ও বয়রা এলাকায় বায়ুদূষণ, শব্দদূষণ ও কালো ধোঁয়া নিঃসরণের দায়ে একাধিক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ১১নং ধারায় নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহনের দায়ে একটি বালুবাহী ট্রাককে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারায় ক্ষতিকর কালো ধোঁয়া নিঃসরণের দায়ে দুটি গাড়ি থেকে মোট ২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮ ও ১৮(২) বিধি মোতাবেক ৭টি গাড়ি থেকে মাত্রাতিরিক্ত শব্দদূষণের দায়ে ৭,০০০ টাকা এবং মোটরযান আইন, ২০১৮ এর ২৫ ধারা লঙ্ঘনের দায়ে একটি গাড়ি থেকে ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক রাজিব কুমার বাইন, প্রসিকিউটর হিসেবে মো. আসিফ আলম, এবং আইনশৃঙ্খলা রক্ষায় খুলনা জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নগরীর পরিবেশ সুরক্ষায় নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।