- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনায় অপহরণকারী চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে মুক্তিপণের ৪৭ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জানা যায়, জনৈক আক্কাস আলী শেখ (শপিং ব্যাগ ব্যবসায়ী) গত ১৬ আগস্ট সকাল ১০টার দিকে জিরোপয়েন্ট মোড়ে অপহরণকারীদের ডাকে যায়। ব্যবসার কথা বলে তাকে শিকদার মার্কেটের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে ভ্যানচালক চলে গেলে নিকটে অবস্থানরত অন্য অপহরণকারীরা ছুরি ও চাকুর মুখে জিম্মি করে ভিকটিমকে শিকদার মার্কেটের বিপরীতে রুবি বেগমের বাসায় আটক রাখে।
অপহরণকারীরা প্রথমে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের ভয় দেখানো হয়। বাধ্য হয়ে আক্কাস আলী বিকাশের মাধ্যমে ১ লাখ ৭৮ হাজার টাকা প্রদান করেন। টাকা পাওয়ার পর ১৭ আগস্ট সন্ধ্যায় মোটরসাইকেলে করে ভিকটিমকে বাইপাস রোড হয়ে সোনাডাঙ্গার দিকে নিয়ে গিয়ে ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা।
ঘটনার পর ভুক্তভোগী আক্কাস আলী হরিণটানা থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০৭, তারিখ ১৮/০৮/২০২৫, ধারা-৩৬৪/৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোড)।
এরপর হরিণটানা থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক টিম তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগস্ট রাতে শিকদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেফতার করে। তারা হলেন—
১. সুফিয়া বেগম (৩৭), পিতা- মোঃ শফিক মোড়ল, সাং-রাজঘাট, থানা-ফুলতলা, জেলা-খুলনা।
২. রুবি বেগম (৪৭), স্বামী-অজ্ঞাত, সাং-শিকদার মার্কেটের বিপরীতে, থানা-হরিণটানা, খুলনা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণচক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।