- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনা নগরীর লবণচরা থানাধীন দরগাপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে ডলি বেগম (৪৫) নামে এক গৃহবধূকে ফল কাটার ছুরি দিয়ে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করেছেন তার স্বামী নাজমুল হাসান (৫০)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর লবণচরা থানার দরগাপাড়া খালেকের বাড়ির ভাড়াটিয়া নাজমুল হাসান ও তার স্ত্রী ডলি বেগম সবুজপল্লী এলাকার ৪ নম্বর কাশেম সড়কের মাথায় বসবাস করতেন। ভোরে ঘুমন্ত অবস্থায় ফল কাটার ছুরি দিয়ে ডলি বেগমকে জবাই করে হত্যা করেন নাজমুল।
ঘাতক স্বামী পালানোর চেষ্টা করলে প্রতিবেশী রিকশাচালক আরিফ নগরীর লায়ন্স স্কুলের সামনে থেকে তাকে ধরে আনেন। পরে এলাকাবাসী নাজমুলকে বেঁধে রাখেন এবং পুলিশকে খবর দেন।
নিহত ডলি বেগম পাইকগাছার শান্তা গ্রামের মৃত আব্দুল আজিজের কন্যা। তার এক পুত্র ফাহিম (২৫) ও এক কন্যা সাদিয়া (২২) রয়েছে।
কন্যা সাদিয়া জানান, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এসব পারিবারিক কলহের জের ধরেই তার বাবা মাকে নির্মমভাবে হত্যা করেছেন।
এলাকাবাসী বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে পাশের ঘর থেকে চিৎকার শুনে তারা ছুটে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় ডলি বেগম বিছানায় পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক নাজমুল হাসানকে গ্রেপ্তার করে। হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে।