নিজস্ব প্রতিবেদকঃ খুলনার এসওএস শিশু পল্লীতে ইসরাত জাহান (১৬) নামের নবম শ্রেণির এক ছাত্রী রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিজের কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যার চেষ্টা করেছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হলেও, তার পরিবারের দাবি—এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা।
এসওএস শিশু পল্লীর অন্যান্য সদস্যরা রাত ১১টার দিকে ইসরাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানেই রাত ১১টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ: আত্মহত্যার আলামত নেই, ঘটনাটি রহস্যজনক। নিহতের মামা শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন,“আমার ভাগ্নীর বয়স মাত্র ১৬ বছর। সে ছোটবেলা থেকেই এসওএস শিশু পল্লীতে বড় হয়েছে। খুব হাসিখুশি আর মেধাবী ছিলো। সে কখনোই আত্মহত্যা করতে পারে না।”
তিনি আরও বলেন, “রাত সাড়ে ১২টার দিকে আমাদের খবর দেওয়া হয়। অথচ তখন মরদেহ মর্গে পাঠিয়ে বরফ দিয়ে রাখা হয়েছে। আত্মহত্যার কোনো প্রমাণ নেই। ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ নামিয়ে নেওয়ার বিষয়েও আমাদের জানানো হয়নি। এমনকি পুলিশকেও অবগত করা হয়নি। বিষয়টি আমাদের কাছে খুবই সন্দেহজনক মনে হচ্ছে।”
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন,“মেয়েটির মৃত্যু আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে। ঘটনার বিষয়ে জানতে চাইলে এসওএস শিশু পল্লীর প্রধান বিশ্বজিৎ কুমার মন্ডল কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে স্থানীয়দের একাংশ বলছেন, একজন কিশোরীর এ ধরনের মৃত্যু শুধু আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া উচিত নয়। বিষয়টি আরও গভীরভাবে তদন্ত হওয়া প্রয়োজন। তদন্ত প্রতিবেদন ও ময়নাতদন্তের ফলাফলের জন্য অপেক্ষায় রয়েছে পরিবার ও স্থানীয়রা।