আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১২ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় চরমপন্থী নেতা শাহাদাতকে কুপিয়ে ও গুলি করে হত্যা


নিজস্ব প্রতিবেদক: খুলনা, ৫ আগস্ট — খুলনায় চরমপন্থী নেতা শেখ শাহাদাত হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে খুলনা রেলওয়ে স্টেশনের পাশে সঙ্গীতা সিনেমা হলের সামনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

শেখ শাহাদাত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (নিষিদ্ধ) আঞ্চলিক নেতা ছিলেন। তিনি দীর্ঘ ২২ বছর কারাভোগের পর চলতি বছরের জানুয়ারি মাসে জামিনে মুক্তি পান এবং এরপর থেকে স্বাভাবিক জীবনযাপন করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাত-আট জনের একটি দল পিস্তল হাতে তাকে ধাওয়া করে একটি দোকানের মধ্যে নিয়ে যায়। পরে সেখানে তাকে একাধিকবার গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে সঙ্গীতা সিনেমা হলের নিচতলার শফিক ব্যাটারি অ্যান্ড টায়ার নামের দোকানে কুপিয়ে ও গুলি করে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

পুলিশ সূত্রে জানা গেছে, শেখ শাহাদাতের বিরুদ্ধে বোমা হামলা করে দুই পুলিশ সদস্য হত্যাসহ একাধিক হত্যা মামলা ছিল। কিছু মামলায় তিনি খালাস পেয়েছেন, আর কয়েকটি মামলায় জামিনে মুক্ত ছিলেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

author

Editor

খুলনায় চরমপন্থী নেতা শাহাদাতকে কুপিয়ে ও গুলি করে হত্যা

Please Login to comment in the post!
adds

you may also like