আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ সকাল | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় আদালতের সামনে দুবৃর্ত্তদের গুলিতে নিহত-২


নিজস্ব প্রতিবেদক: খুলনায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্রকাশ্যে দুই ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আদালত চত্বরে এ নৃশংস ঘটনা ঘটলে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় আতঙ্ক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব নামে দুই যুবক একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে মহানগর ও দায়রা জজ আদালতে আসেন। হাজিরা শেষে আদালত এলাকা থেকে বের হওয়ার মুহূর্তে আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর দ্রুত তাদের ওপর ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। নিহত রাজন রূপসার বাগমারা নিবাসী চিংড়ি ব্যবসায়ী এজাজ আহম্মেদের একমাত্র পুত্র সন্তান। হাসিবের পরিচয় এখনো জানা যায়নি। 

রক্তাক্ত অবস্থায় আশপাশের লোকজন আহত দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

ঘটনার পর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

কেএমপি’র সহকারী কমিশনার শিহাব করীম বলেন,
“আদালতের সামনে দুইজনকে গুলি করা হয়েছে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের কাছে তখন সঠিক তথ্য ছিল না। নিহতদের পরিচয়ও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।”

তিনি আরও জানান,
“ঘटनাস্থল থেকে রক্ত, চাপাতি ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এটি পূর্বপরিকল্পিত টার্গেট কিলিং হতে পারে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।”

দুপুরের ব্যস্ত সময়ে আদালতের সামনে এমন প্রকাশ্য হত্যাকাণ্ডে আইনজীবী, বিচারপ্রার্থীসহ সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আদালতের আইনজীবীরা বলেন, দিনের পর দিন আদালত এলাকায় অপরাধীদের দৌরাত্ম্য বাড়ছে, যা বিচারপ্রক্রিয়া ও নিরাপত্তার জন্য বড় হুমকি।

এ ঘটনায় দায়ীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্তের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কেএমপি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত এলাকা ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

author

Editor

খুলনায় আদালতের সামনে দুবৃর্ত্তদের গুলিতে নিহত-২

Please Login to comment in the post!
adds

you may also like