- by Editor
- Jan, 06, 2025 11:06
সোনালী ডেক্স: বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে বান্দরবন থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) জসীম উদ্দিন খান।
তিনি জানান, গ্রেপ্তারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে বিদেশি একটি জনপ্রিয় পর্ন সাইটে নিয়মিত পর্ন ভিডিও আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি অল্প সময়ের মধ্যেই ওই সাইটের শীর্ষস্থানে উঠে আসে।
সিআইডির অনুসন্ধানে জানা গেছে, তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও অনলাইনে প্রকাশ করতেন। এ মাধ্যমে তারা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করছিলেন।
বিশেষ পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ওই দম্পতি শুধু নিজেরাই পর্ন কনটেন্ট তৈরি করতেন না, বরং অন্যদেরও এতে যুক্ত হতে উৎসাহিত করতেন। তাদের মাধ্যমে দেশে বসে পর্ন ভিডিও তৈরি ও প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে।
বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ, যার জন্য সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
সম্প্রতি ‘দ্য ডিসেন্ট’ নামের একটি আন্তর্জাতিক পত্রিকায় এই দম্পতির কর্মকাণ্ড প্রকাশ পেলে বিষয়টি নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর।