- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদকঃ বাগেরহাটের ফকিরহাটে চাঁদাবাজী ও ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে ফকিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মুস্তাক শেখের ছেলে মাশরাফি শেখ (২২) এবং শেখ জাকির হোসেনের ছেলে জ্যাকি শেখ (২৮)।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার (১৯ আগস্ট) মাংস বিক্রেতা সাইফুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই চুরির মালামাল উদ্ধারে নারকেল ব্যবসায়ী আব্দুল হালিম সহায়তা করলে শুক্রবার (২২ আগস্ট) রাতে মাশরাফি ও জ্যাকি তাকে মারধর করে এবং ৭১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর শনিবার সকালে ক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয় জনতা ফকিরহাট বাজারে ওই দুই যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
স্থানীয়রা জানান, আটক মাশরাফি ও জ্যাকির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজীসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ ঘটনায় মাংস বিক্রেতা বাচ্চু শেখ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী সাইফুল ইসলাম ও আব্দুল হালিমও মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পর স্থানীয় নারী-পুরুষ বিক্ষোভ মিছিল বের করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, “চাঁদাবাজীর অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং রোববার (২৪ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।