- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় নিহত সাংবাদিক ও বিএনপি নেতা এস.এম. হায়াত উদ্দিন হত্যা মামলার দুই দিন পর অবশেষে মামলা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর থানায় মামলা করেন। এতে মো. ইসরাইল মোল্লাকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করা হয়েছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ উল হাসান বলেন,
“নিহত হায়াত উদ্দিনের মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।”
গত ৩ অক্টোবর সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক এস.এম. হায়াত উদ্দিন (৪০)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই এলাকার মো. ইসরাইল মোল্লা ও তার সহযোগীরা।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হায়াত উদ্দিনকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতাল নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাড়িতে নেওয়া হয়। রাতেই হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়।
মামলার প্রধান আসামি মো. ইসরাইল মোল্লা হাড়িখালি এলাকার মো. আব্দুস ছালাম মোল্লার ছেলে। তিনি স্থানীয় বিএনপির কর্মী এবং দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।