আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৯ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজিজুল বারী হেলালের নির্বাচনী ইশতেহার ঘোষণা খুলনা-৪ কে আদর্শ আসনে রূপান্তরের অঙ্গীকার


নিজস্ব প্রতিবেদকঃ খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ৭৪ দফা উন্নয়ন ও জনকল্যাণমূলক অঙ্গীকার নিয়ে তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে অবস্থিত তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহার পাঠকালে আজিজুল বারী হেলাল বলেন, “সমৃদ্ধ, নিরাপদ ও মানবিক খুলনা-৪ গড়ার অঙ্গীকার নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। নদী ও প্রকৃতিবেষ্টিত রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা বিভিন্ন পেশা, শ্রেণি ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ বসবাসের জনপদ। এই অঞ্চলকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি আদর্শ আসনে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত দিঘলিয়া উপজেলা কবি কৃষ্ণচন্দ্র মজুমদার, নাট্যকার শচীনন্দ্রনাথ সেন গুপ্ত, কণ্ঠশিল্পী যুথিকা রায়, ব্রিটিশবিরোধী বিপ্লবী রসিকলাল দাস, প্রদ্যুল-চন্দ্রসেন, শহীদ অতুল সেন ও শহীদ অনুজা চরণ দাসসহ বহু গুণীজনের জন্মভূমি। এই ঐতিহ্যবাহী জনপদকে আদর্শ উপজেলায় রূপান্তর করাই তাঁর অগ্রাধিকার।

ইশতেহারে উল্লেখযোগ্য অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে—ভৈরব নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণ করে খুলনা শহরের সঙ্গে রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার সরাসরি যোগাযোগ স্থাপন, অসমাপ্ত নগরঘাট ও রেলিগেট সেতু নির্মাণ সম্পন্ন, আতাই ও ভৈরব নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, পরিত্যক্ত পাট গোডাউনে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন এবং জলাবদ্ধ জমি নিষ্কাশনের মাধ্যমে চাষযোগ্য করা।

এছাড়াও দেউলা ও ভট্টাচার্য খেয়াঘাট উন্নয়ন, স্টার জুট মিল চালুকরণ, আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজ সরকারি করণ, খেলার মাঠ সংস্কার ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্তকরণ, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং তেরখাদার ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়।

কৃষি ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার দিয়ে কৃষকদের জন্য বিনামূল্যে বীজ-সার ও কীটনাশক সরবরাহ, দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকসহ পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর, রূপসায় ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়।

নারী ও তরুণদের উন্নয়নে শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি, আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, গ্রাফিক ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ, ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল লার্নিং সেন্টার গড়ে তোলার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

এছাড়া রূপসায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন ও প্রতিটি ঘরে সুপেয় পানি সরবরাহ, ফেরিঘাট টোলমুক্তকরণ, আধুনিক বাসস্ট্যান্ড ও যানবাহন স্ট্যান্ড নির্মাণ, বন্ধ খাল পুনঃখনন, আঠারোবাঁকি নদী পুনঃখনন, নদীভাঙন এলাকায় টেকসই বাঁধ নির্মাণ, কেন্দ্রীয় মসজিদ ও কেন্দ্রীয় মন্দির স্থাপন, ইপিজেড ও অর্থনৈতিক জোন ঘোষণা, পর্যটন কেন্দ্র ও শিশু পার্ক নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়।

ইশতেহারে আরও রয়েছে—চাঁদা, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গঠন, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে জিরো টলারেন্স, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, ছিন্নমূল ও অসহায়দের আবাসন, গুচ্ছগ্রাম সম্প্রসারণ, সাইক্লোন সেন্টার নির্মাণ, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণসহ সর্বমোট ৭৪টি অঙ্গীকার বাস্তবায়নের ঘোষণা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, তেরখাদা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাউসার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, জেলা উলামা দলের আহ্বায়ক মাওলানা ফারুক আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

author

Editor

আজিজুল বারী হেলালের নির্বাচনী ইশতেহার ঘোষণা খুলনা-৪ কে আদর্শ আসনে রূপান্তরের অঙ্গীকার

Please Login to comment in the post!
adds

you may also like