- by Editor
- Jan, 15, 2025 10:37
সিলেট প্রতিনিধি: সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রেলওয়ে কর্তৃপক্ষ ও সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন— উদয়ন এক্সপ্রেসের লোকোমাস্টার মো. ইলিয়াস ও সহকারী লোকোমাস্টার জহিরুল ইসলাম নোমান।
জানা যায়, মঙ্গলবার সকাল ৬টা ৪২ মিনিটের দিকে সিলেটের মোগলাবাজার রেলস্টেশনে উদয়ন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন স্টেশনে আটকা পড়ে। প্রায় তিন ঘণ্টা পর সকাল ৯টা ৪০ মিনিটে রেললাইন মেরামত শেষে কালনী এক্সপ্রেস স্টেশন ত্যাগ করে। এর মাধ্যমে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় সচল হয়।
দুর্ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্তের পাশাপাশি, রেলওয়ে কর্তৃপক্ষ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। অন্যদিকে, সিলেট জেলা প্রশাসনও তিন সদস্যের একটি কমিটি করেছে। দুটি কমিটিকেই আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেন, “দুর্ঘটনার কারণ উদঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম জানান, “দায়িত্বে অবহেলার কারণে দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।”