- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটে সাংবাদিক ও বিএনপি নেতা এস.এম. হায়াত উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জেলা ডিবি পুলিশের ওসি শরিফুল ইসলাম এর নেতৃত্বে সোমবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকার নিউ গোল্ডেন সিটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ১১৮ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মোঃ ওমর ফারুক (২৫)
মোঃ আশিকুল ইসলাম (২৫)
উভয়েই বাগেরহাট সদর উপজেলার গোপালকাটি গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তারের পর তাদের আদালতে হাজির করা হলে, তারা ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে বলে ডিবি সূত্রে জানা গেছে।
এর আগে, গত ৫ অক্টোবর নিহত হায়াত উদ্দিনের মা হাসিনা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর থানায় মামলা করেন। মামলায় মো. ইসরাইল মোল্লা-কে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করা হয়।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ উল হাসান বলেন, “নিহত সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে মামলা হওয়ার পরপরই পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, গত ৩ অক্টোবর সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক এস.এম. হায়াত উদ্দিন (৪০)-কে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে একই এলাকার মো. ইসরাইল মোল্লা ও তার সহযোগীরা।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান আসামি ইসরাইল মোল্লা স্থানীয় বিএনপির কর্মী এবং তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার বিস্তর অভিযোগ রয়েছে।