আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৯ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহর মৃত্যুর তিন দশক পর হত্যা মামলা দায়ের, স্ত্রী সামিরাসহ আসামি ১১ জন


নিজস্ব প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে প্রায় তিন দশক পর অবশেষে দায়ের হলো হত্যা মামলা।

সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হককে। এ ছাড়া অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন—মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এজাহারে অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, সোমবার আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশ জারির পর ২৪ ঘণ্টা না পেরোতেই আনুষ্ঠানিকভাবে এই মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন রোডের নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সালমান শাহর মরদেহ। তখন ঘটনাটি ‘আত্মহত্যা’ হিসেবে নথিভুক্ত হয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের প্রতিবেদনে জানায়—সালমান শাহ আত্মহত্যা করেছেন।

তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই পিবিআইয়ের প্রতিবেদন প্রত্যাখ্যান করে আসছেন। তার দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। দীর্ঘদিনের সেই দাবি ও আদালতের সাম্প্রতিক পর্যবেক্ষণের পর এবার মামা আলমগীর কুমকুমের দায়ের করা এই হত্যা মামলা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

এদিকে সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত পর্যবেক্ষণে বলেন, “সালমান শাহর মৃত্যুর তদন্তে পদে পদে অনিয়ম ও অবহেলা হয়েছে, কেউই দায়িত্বশীল আচরণ করেনি।” আদালতের এই মন্তব্যের পরই পুনঃতদন্তের নির্দেশ আসে, যার পরপরই মামলাটি দায়ের করা হয়।

চিত্রনায়ক সালমান শাহ ৯০-এর দশকে বাংলা চলচ্চিত্রে জনপ্রিয়তার নতুন ধারা সৃষ্টি করেছিলেন। তার অকাল মৃত্যু আজও রহস্যের আবরণে ঢাকা, আর নতুন এই মামলা সেই রহস্যের নতুন অধ্যায়ের সূচনা করেছে।

author

Editor

সালমান শাহর মৃত্যুর তিন দশক পর হত্যা মামলা দায়ের, স্ত্রী সামিরাসহ আসামি ১১ জন

Please Login to comment in the post!
adds

you may also like